চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। রোববার (১৪ জুন) বিজিবি’র মনাকষা বিওপির সদস্যরা শিবগঞ্জ থানাধীন রানীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ১৬২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৬৫ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সোয়া ৫টার দিকে কোটালীপাড়া গ্রামে প্রথম বিশেষ অভিযানটি চালায় বিজিবি। সেখান থেকে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ জব্দ করা হয়। পরবর্তীতে একই এলাকায় দুপুর পৌনে ৪টার দিকে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আরও ১১৮ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চলতি জুন মাসেই সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬২১ বোতল এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৫৩ বিজিবি; যার মোট বাজার মূল্য প্রায় ২ লাখ ৭৮ হাজার টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ পুশ-ইন ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে ৫৩ বিজিবি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই মাদকবিরোধী চিরুনি অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









