পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ জুন) রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মরিয়ম মেমোরিয়াল গার্লস স্কুলের প্রধান ফটকের সামনে সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নেছার হাওলাদারের ছেলে মো. শামীম হাওলাদার (২৪) এবং দশমিনা উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামের বাসিন্দা মো. জলিল খলিফার ছেলে মো. জাহিদুল ইসলাম (১৯)।
থানা সূত্রে জানা যায়, দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর দুইজনকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









