শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ ধরার জালে আটকে পড়া ১২ ফুট দীর্ঘ একটি বিশাল অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে হাওরে পাতা জাল তুলতে গিয়ে সাপটি দেখতে পান স্থানীয় জেলে নবীন ও জাবেদ। বিশাল আকৃতির সাপটি দেখে আতঙ্কিত হয়ে জেলেরা জাল ফেলে নিরাপদ স্থানে সরে যান। পরে স্থানীয় বাসিন্দা কয়েছ মিয়ার মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ হাওরের পানিতে নেমে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় তারা ১৬ থেকে ১৭ কেজি ওজনের অজগরটিকে জালের ফাঁদ থেকে কোনো ক্ষতি ছাড়াই উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার শেষে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থল বা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









