মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মো. আলী হুসেন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধীন বিওসিটিলা বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালান। এ সময় সীমান্ত পিলার ১৩৮৯/এম থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটকের পর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ভারতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র, আধার কার্ড ও ট্যাক্স পেমেন্ট কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হুসেন বিজিবিকে জানিয়েছেন, মোবাইল ফোনের ডিসপ্লে সংক্রান্ত ব্যবসায়িক কাজে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তি ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে এবং তিনি নিজেই অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









