ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মী ও পরিবারের স্বজনরা। মোস্তাফিজুর রহমান বিজু তার নিজ বাড়িতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিলে পুলিশ তাকে আটক করতে যায়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও তার স্বজনরা তাকে ছিনিয়ে নেয়।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নেতাকর্মীরা জানায়, সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি নিচতলায় দলীয় অফিসে বসে ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার। এমন খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বাধা দেয়। এসময় পুলিশ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর নেতাকর্মী ও এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।
তবে মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা অস্বীকার করেছেন থানার ওসি জেল্লাল হোসেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, কালীগঞ্জ থানার একটি টিম সেখানে যাওয়ার খবর পেলে মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় মোবাইল পড়ে যায়। এটা হেফাজতে আছে। পরিবারের কেউ এলে দিয়ে দেবো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









