জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক ও শিক্ষার্থী। এ সময় প্রধানমন্ত্রী তাদের দেশ গঠনে ভূমিকা রাখতে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে অধিবেশনের বিরতির সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে। সে লক্ষ্যেই মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের পরামর্শ দেন তিনি।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষা সফরের অংশ হিসেবে রূপগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তারা সংসদ ভবনের স্থাপত্যশৈলী পরিদর্শনের পাশাপাশি সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদ ভবন চত্বরে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক কাঠামো সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পায়। একই সঙ্গে তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আগ্রহ আরও বৃদ্ধি পায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









