টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ শুরু হওয়ার আগে বসার স্থান এবং বহিরাগত সন্দেহকে কেন্দ্র করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথম বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও খেলা শেষ হওয়ার পর আইসিটি বিভাগের সঙ্গে এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাত ১টার দিকে প্রথম একাডেমিক ভবনে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো ক্যাম্পাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে রাত আনুমানিক ৩টার দিকে প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহতদের মধ্যে ৭ জন শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত অন্য এক শিক্ষার্থীকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের থামাতে গিয়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুস। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপাচার্য মহোদয় এবং এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









