বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা সাড়ে তিন লাখ পার হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, দেশজুড়ে এখন মোট মসজিদ রয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। এর মধ্যে ধর্মীয় সংস্কৃতির কেন্দ্রবিন্দু ও ‘মসজিদের শহর’ খ্যাত ঢাকা বিভাগ ৭১ হাজার ৫৯৬টি মসজিদ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে কম মসজিদ রয়েছে সিলেটে, যেখানে এই সংখ্যাটি ২২ হাজার ৬টি।
সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ মসজিদের এ পরিসংখ্যান তৈরি করেছে।
বিভাগভিত্তিক মসজিদের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে ৬৩ হাজার ৭০৩টি মসজিদ। এরপর রয়েছে রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশই ঢাকা বিভাগে অবস্থিত। অন্যদিকে চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় সর্বোচ্চ এবং সিলেট বিভাগে মসজিদের সংখ্যা সবচেয়ে কম।
একই সঙ্গে জেলা এবং উপজেলাওয়ারী তালিকাও তৈরি করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা জানান, মাঠপর্যায়ে থাকা ইসলামিক ফাউন্ডেশনের অফিসের মাধ্যমে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। এর আগে করোনা মহামারির সময় একটি তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী এখন মসজিদের সংখ্যা ৪০ হাজারের মতো বেড়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









