জামালপুরের বকশীগঞ্জে রাতের আঁধারে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কুতুবেরচর গ্রামের নিজ ভিটায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী যুবরাল মিয়া।
সংবাদ সম্মেলনে যুবরাল মিয়া বলেন, ‘‘আমি জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকায় রিকশা চালাই। আমার স্ত্রীর ১৮ শতাংশ জমির ওপর আমার বসতভিটা রয়েছে। আমার সঙ্গে আমার ভাই নেহাল মিয়ার জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে।’’
তিনি বলেন, ‘‘গত বুধবার দিবাগত রাতে বৃষ্টি হওয়ায় আঁধারে নেহাল মিয়া, হাছেন আলী, নুর হোসেন, রেজাউল করিমের নেতৃত্বে আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও পুরো বাড়িসহ সকল আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে করে আমার বসতঘরসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটপাট করা হয়। বর্তমানে আমার বসতভিটা ছাড়া সবকিছুই নিয়ে যায় তারা। হামলা ভাঙচুরের পর এখন তারা আমার বসতভিটা জোরপূর্বক দখলের পাঁয়তারা করে যাচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমি ও আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি।’’
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









