চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ঐতিহ্যবাহী বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দিরে উৎসবমুখর পরিবেশে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আক্টোবর) বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে মন্দির কমিটির সভাপতি প্রণব কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক আল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক পলাশ কুমার দাশ, সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার ঘোষ, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি আশুতোষ ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি অপূর্ব সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী এবং ব্রাহ্মণ সংসদ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি রানা প্রতাপ আচার্যসহ অন্যরা।
বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হওয়ায় তাঁরা সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একইসঙ্গে জেলার আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকা পূজার আয়োজনে সফল করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম, সতর্কতা ও সমন্বিত উদ্যোগের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল।
পরে দুর্গাপূজায় মন্দিরের সার্বিক ব্যবস্থাপনা, সাজসজ্জা ও প্রতিমা সজ্জিতকরণে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনটি বিভাগে নয়জনকে পুরস্কৃত করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









