ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি বিরোধে পূর্বশত্রুতার জের ধরে ত্রাস সৃষ্টি করে সশস্ত্র মহড়ায় প্রতিপক্ষের বসত বাড়ী আগুনে পুড়িয়ে ভস্মীভূত করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে ভূক্তভোগী অসহায় পরিবারটি। কিস্তু ঘটনার ৩দিন পরও থানা পুলিশ মামলা না নেওয়ায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে
শনিবার (১১ জুলাই) অশ্রু সিক্ত চোখে ঘটনার বর্ননা দেন ভুক্তভোগী পরিবার। তারা সাংবাদিকদের বলেন, এঘটনায় ওসি সাহেব কোন মামলা নেয়নি।
গত ৫ জুলাই ভোররাতে উপজেলার ৭ নম্বর রামপুর ইউনিয়নের আটাদার গ্রামে সশস্ত্র মহড়ায় মোছা: রাশিদা খাতুনের বসত বাড়ী আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাশিদা খাতুন বলেন, ‘‘আমার বসত ঘরের পাশ দিয়ে প্রভাবশালী প্রতিবেশিদের গোয়াল ঘরের ময়লা নিস্কাশন হয়। এতে চরম দুর্গন্ধ সৃষ্টি হওয়ার কারণে আমার ঘরের পাশ দিয়ে গোয়াল ঘরের ময়লা নিস্কাশনে বাধাঁ দেই। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালীরা গত ৩ জুলাই আমাকে বেধরক মারধর করে আহত করে। এ ঘটনায় আমি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অবস্থায় থানায় অভিযোগ দিলে ৫ জুলাই ভোররাতে আমার বসত ঘর, একটি ঘোয়াল ঘর এবং রান্না ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় সন্ত্রাসীরা আমার গোয়ালের ৩টি গরুসহ মূল্যবান জিনিসপত্র লুট করে ৩০ মন ধানসহ সব আসবাবপত্রসহ পুড়িয়ে দেয়।”
ভুক্তভোগীর ছেলে রিপন মিয়া (২২) বলেন, ‘‘আগুনের ঘটনার দুইদিন আগে প্রতিপক্ষের লোকজন মাকে মারপিট করার কারণে আমরা কেউ বাড়ীতে ছিলাম না। এ সুযোগে তারা অস্ত্রশস্ত্র ও সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোররাতে আমাদেও বাসত বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ সময় আমাদের পরিবারের অন্যান্য লোকজন ও স্বজনরা আগুন নিভাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তাদের তাড়া করে বাঁধা দেয়। প্রতিবেশিদের ধারণা করা ভিডিওতে এ সন্ত্রাসী কর্মকান্ডের প্রমাণ আছে।”
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তানবীর আহম্মেদ জানিয়েছেন,আজ সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। তবে আগুনে পুড়ে বসত বাড়ীঘর ভস্মীভূত হওয়ার সত্যতা নিশ্চিত করে ওসি বলেন, পূর্ব থেকে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে মারপিট ও বসতবাড়ীতে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সাহায্যও করেছে। এ নিয়ে তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।
এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও পর্যন্ত থানা পুলিশ মামলা নেয়নি, বলে অভিযোগ করেন ভুক্তভোগী রাশিদা খাতুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









