দ্বিতীয় দফায় ১৮ দিনের ব্যবধানে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা, সোনা, রুপা ও সোনা-সদৃশ ধাতব বস্তুও জমা পড়েছে। টাকা-পয়সার পাশাপাশি মাজারে একটি গরু ও ৬৫টি ছাগল দান করা হয়েছে। গরু ও ৪০টি ছাগল নজরানা হিসেবে জবাই করে রান্না করে বিতরণ করা হয়েছে। বাকি ২৫টি বিক্রি করে দুই লাখ ২৫ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।
শনিবার (১১ জুলাই) বিকেল সোয়া ৬টায় গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানান।
এর আগে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন, মাজার ব্যবস্থাপনা কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তিনটি ডেগ দানবাক্সগুলো খোলা হয়। এরপর দরগাহ মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে টাকা গণনার কাজ শুরু হয়। গণনায় শাহজালাল জামেয়া ইসলামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার অন্তত ২৫-৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
মাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দানবাক্সে দেশীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের ১০৫ রিয়াল, যুক্তরাষ্ট্রের ২০ ডলার, ভারতের দুই হাজার ৫৩২ রুপি, কাতারের ২২ দিরহাম, মালয়েশিয়ার ছয় রিঙ্গিত, হংকংয়ের ২০ ডলার, ২০ ইউরো, ওমানের এক দিনার ৪৫০ পয়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৪ দশমিক ২০ দিরহাম, ইন্দোনেশিয়ার চার হাজার রুপিয়া, পাকিস্তানের ৬০ রুপি এবং সিঙ্গাপুরের ১০ ডলার।
এসবের পাশাপাশি ৯ গ্রাম সোনা, সোনা-সদৃশ ধাতব বস্তু ১০ গ্রাম এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রুপা পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২২ জুন প্রায় ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়। ওইদিন ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









