জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘‘গণভোটের দাবি থেকে সরে আসায় জনগণ হতাশ ও আহত হয়েছে। অতীতের সরকার ভোট চুরি করত, কিন্তু এই সরকার ভোটের ফলাফল চুরি করেছে।’’
শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি কর্মসংস্থান, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাগরিক দুর্ভোগ নিয়ে সরকারের সমালোচনা করেন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ জানান, পুলিশ সংস্কার কমিশন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর একটি, তবে তা সংসদে উত্থাপনই করা হয়নি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, পুলিশকে জনবান্ধব ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার উদ্দেশ্যেই এই সংস্কার প্রস্তাব আনা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘‘দেশে দিন দিন লোডশেডিংয়ের মাত্রা বেড়েই চলেছে। সরকার ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংকটের কার্যকর সমাধান করতে পারেনি। ফলে চলমান বিভিন্ন সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, সোশ্যাল অ্যাকটিভিস্ট এনসিপি নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম, সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলার এনসিপির আহ্বায়ক আরিফা তুহিন, সদস্য সচিব ইমাদুল ইসলাম, ছেংগারচর পৌর এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম অজয়সহ অন্যান্য নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









