কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
সোমবার (১৩ জুলাই) তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের কঠারকোনা মনু সেতু এলাকা, কাউকাপন বাজার এবং বারইগাঁও এলাকার মনু নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি নদীতীরের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের বারইগাঁও এলাকায় মনু নদীর বেড়িবাঁধের কিছু অংশের নির্মাণকাজ এখনও অসমাপ্ত রয়েছে। সম্প্রতি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কঠারকোনা থেকে মনু নদীর বেড়িবাঁধের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নদীতীরবর্তী এলাকাবাসীর মধ্যে নতুন করে বন্যা ও বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ঝুঁকিপূর্ণ বাঁধের স্থায়ী সংস্কার এবং অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, “মনু নদীর ঝুঁকিপূর্ণ স্থানগুলো এবং পানি উন্নয়ন বোর্ডের অসমাপ্ত কাজ সরেজমিনে পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, যেসব মানুষ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মানবিক সহায়তা ও সরকারি ত্রাণ কার্যক্রমের আওতায় এনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









