ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, গত মাসে দেশটিতে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে তেল উত্তোলনে কোনো ধরনের ক্ষতির মুখে পড়েনি।
সোমবার তিনি জানান, বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুত থাকা ভেনেজুয়েলা বর্তমানে প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে, যা এক বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। চলতি বছর তেল খাতে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলেও সরকার আশাবাদী বলে জানান তিনি।
দেশটির প্রধান রাজস্ব উৎস অপরিশোধিত তেল উত্তোলনের বড় অংশ হয় উত্তর-পশ্চিমাঞ্চলের মারাকাইবো হ্রদ এবং পূর্বাঞ্চলের ওরিনোকো বেল্ট এলাকায়।
গত ২৪ জুন ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলীয় লা গুয়াইরা রাজ্য ও এর কাছে রাজধানী কারাকাস এই দুই তেল উৎপাদন এলাকার মাঝামাঝি অবস্থানে রয়েছে।
গত দুই দশকে ভেনেজুয়েলার তেল উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। ২০০০ সালের শুরুর দিকে দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি উত্তোলন থেকে তা ২০২০ সালে নেমে আসে মাত্র ৩ লাখ ৫০ হাজার ব্যারেলে। এর পেছনে দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।
যুক্তরাষ্ট্রের চাপের মুখে সাবেক তেলমন্ত্রী রদ্রিগেজ তেল খাতে বড় ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেন, যার লক্ষ্য হচ্ছে বিদেশি বিনিয়োগ বাড়ানো। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হাতে দেশটির সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশটির নেতৃত্ব গ্রহণ করেন।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









