পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিখ্যাত পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানে ট্রলারে ঘুরতে এসে পানিতে ডুবে মো. মুইন সরদার (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুইন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মো. মনির সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের সূত্রে জানা গেছে, শনিবার বন্ধুদের সঙ্গে নেছারাবাদের পেয়ারা বাগান পরিদর্শনে আসেন মুইন। বিকেলে তারা একটি ট্রলার ভাড়া করে ঘুরছিলেন। চলন্ত ট্রলারটির সামনের অংশে বসে ছিলেন মুইন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান। মৃত মুইন সরদার পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আনন্দভ্রমণ মুহূর্তের মধ্যেই বন্ধুদের কান্না আর শোকে রূপ নেয়।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে ছুটে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, পেয়ারা বাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাটির বিস্তারিত জেনে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









