ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি জায়ান্ট স্ক্রিনে খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। খেলা প্রদর্শণের সময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত নন—এমন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি সৃষ্টি করে।
এ কারণে খেলা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন কোনো ব্যক্তির ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) নিয়ে ক্যাম্পাসে আসার জন্য অনুরোধ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









