খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জাবারাং কল্যাণ সমিতি (জেডকেএস)-এর আয়োজনে ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা-পর্যায়ের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৯ জুলাই) খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা-পর্যায়ের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক জনাব মথুরা বিকাশ ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রেজাউল করিম; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন; পুলিশ প্রতিনিধি মো. সোহেল রানা; গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নির্মল নারায়ণ ত্রিপুরা; উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাসিনা আক্তার; উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম হক চৌধুরী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, নারী সদস্য, হেডম্যান, কার্বারি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী জনাব অরুণ জ্যোতি চাকমা এবং প্রকল্পের উদ্দেশ্য, পরিকল্পিত কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জনাব বিনোদন ত্রিপুরা। উপস্থাপনা শেষে একটি উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং অন্যান্য অংশীজন প্রকল্পের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সেবাসমূহ প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির সমাপনী বক্তব্যে অংশগ্রহণকারীদের মূল্যবান অবদানের জন্য ধন্যবাদ জানানো হয় এবং সরকারি সংস্থা ও কমিউনিটির অংশীজনদের সাথে নিবিড় সহযোগিতার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নে জাবারাং কল্যাণ সমিতির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









