চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রওনক হাসান ওরফে শিশির (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু মো. তাজবি ইসলাম (১৯)। আহত তাজবিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-বুলন্দপুর এলাকায় মঞ্জুর অটোরাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রওনক হাসান শিশির নবাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা ফকিরপাড়া (কদমতলা) মহল্লার গোলাম রাব্বানীর ছেলে। আর আহত তাজবি ইসলাম শহরের নিউ ইসলামপুর ভেলুর মোড় এলাকার তৌহিদুল হকের ছেলে।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আমনুরা থেকে জেলা শহরের দিকে মোটরসাইকেলে করে ফিরছিলেন শিশির ও তাজবি। পথে আতাহার-বুলন্দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকার মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশিরের মৃত্যু হয়।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত তাজবিকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যান। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরামুল হোসাইন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









