চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে আনার পর নয়ন (১৮) নামের এক ভ্যানচালকের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত নয়ন ওই এলাকার আব্বাসের ছেলে।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে ভেতরে ঢোকে এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডাল, তেল ও চিনিসহ টিসিবির বেশ কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিভানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার সময় নয়ন গোডাউনের ওপরতলায় ছিলেন। পরে ঘন ধোঁয়ায় আটকা পড়ে শ্বাসরোধ ও দগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









