লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার আজ সকাল ১১টায় রামগঞ্জ পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা। এতে ৩৩ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৪৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব বাজেট প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা পৌর এলাকার সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন, সড়কগুলোর সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে রিকশাচালকদের তালিকাভুক্তকরণ, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের ব্যক্তিগত সহকারী মোঃ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, বাজার কমিটির সভাপতি জনাব মোঃ রোমান হোসেন পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাংগঠিক জনাব আওরঙ্গজেব বাবলু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন।
সভায় অংশগ্রহণকারীরা জনঅংশগ্রহণের ভিত্তিতে একটি বাস্তবমুখী, উন্নয়নবান্ধব ও নাগরিকবান্ধব বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পৌরবাসীর প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









