দুই কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন এক ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন তার শিক্ষক। চিকিৎসার খরচ জোগাতে নিজের শখের এক জোড়া দুর্লভ প্রজাতির কবুতর নিলামে তুলেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ। নিলামে কবুতর জোড়াটি ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
চিকিৎসাধীন ছাত্রীর নাম সাদিয়া আয়াত। তিনি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস ধরে রাজধানীর শ্যামলীর কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনিই প্রতিস্থাপন করতে হবে।

গত ৩০ আগস্ট সাদিয়ার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেন। এরপর গত ১০ সেপ্টেম্বর নিজের ফেসবুক প্রোফাইলে শখের কবুতর জোড়া বিক্রির ঘোষণা দেন শিক্ষক আব্দুল হামিদ। তার সেই পোস্ট পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফতুল্লা পিজিয়ন ফেন্সিয়ার ক্লাবের ফেসবুক গ্রুপে কবুতর জোড়াটির নিলাম হয়। এতে কবুতরপ্রেমীরা অংশ নেন। রাসেল রানা নামে একজন সর্বোচ্চ ৭০ হাজার টাকা দিয়ে কবুতর জোড়াটি কিনে নেন।

নিলামের আগে দেওয়া ফেসবুক পোস্টে আব্দুল হামিদ লিখেছেন, যা কিছু দুর্লভ সেটাই দামী। বহু শখের জিনিস আমার। এ দুটি বিক্রি করে সাহায্যপ্রার্থী তিতুমীরের রসায়ন বিভাগের ছাত্রী সাদিয়ার কিডনি প্রতিস্থাপনে যদি কিছুটা কাজে আসে।
তিনি আরও লেখেন, মেয়েটার জন্য কিছুই করতে পারলাম না। বারবার মনে পড়ে, সেই সাথে মনও পোড়ে। পোস্ট করার উদ্দেশ্য, আসেন না ওকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

নিলামে কবুতর জোড়া ৭০ হাজার টাকায় বিক্রি হওয়ায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া প্রকাশ করেন শিক্ষক। তবে নিলামে একজন ভুয়া দরদাতা বা ফেক বিড করে পুরো নিলামটি বিঘ্নিত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। ওই ব্যক্তির জন্য হেদায়েত কামনা করেন শিক্ষক।
নিলাম শেষে সহকারী অধ্যাপক আব্দুল হামিদ বলেন, তার সীমাবদ্ধতার জায়গা থেকে সাদিয়া আয়াতের জন্য যতটুকু করা দরকার, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। মেয়েটির সামান্যতম উপকার হলেও এতে তার মন শান্তি পাবে। পাশাপাশি অন্য বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিরাও সাদিয়ার চিকিৎসায় সহায়তায় এগিয়ে আসবেন বলে আশা করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









