নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদকদ্রব্য সেবন-বিক্রির অভিযোগে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচালিত আদালতে অপরাধ স্বীকার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয় এ দণ্ডাদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয় বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে ১০ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে দণ্ডাদেশ দেওয়া হয়।
আদালতের রায়ে সেনাবো এলাকার সাদ্দাম হোসেন ও পিতলগঞ্জ এলাকার নিকু চন্দ্র দাসকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রফিকুল ইসলামকে দুই মাস এবং মজনু মিয়া, শাকিল মিয়া, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস ও আমান মিয়াকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









