নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামান।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমানকে।
অন্যদিকে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইনের বিধান অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—যেটি আগে হবে, ততদিন পর্যন্ত তাদের নিয়োগ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন উপাচার্যরা নিজ নিজ মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে জনস্বার্থে চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









