ভোলার চরফ্যাশনে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে লাবিব মাহমুদ খান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরের পর চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সরকারি ডাকবাংলোর পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিদ্যালয় মাঠে ষষ্ঠ ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা চলছিল। খেলা শেষে কয়েকজন শিক্ষার্থী পাশের ডাকবাংলোর পুকুরে গোসল করতে যায়। এ সময় লাবিবও তাদের সঙ্গে পানিতে নামলে একপর্যায়ে নিখোঁজ হয়।
সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানায়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে লাবিবকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগের সহকারী রিয়াজ হোসেন জানান, “হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, লাবিব সাঁতার জানত না।”
ঘটনার পর চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, ”খবর পাওয়ার পরপরই তিনি ডাকবাংলোর পুকুরপাড়ে যান এবং তার সামনেই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালান।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বলেন, “ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে লাবিব পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।”
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, “এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
লাবিবের মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









