নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মিছিল করার সময় ১২ জন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুলাই কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বাসযোগে এসে বস্তল এলাকায় মিছিল করার চেষ্টা করেন ছাত্রলীগের একদল কর্মী। এ সময় স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেন। পরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আটক করে।
আটকদের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন: রায়হান (৩০), শাওন শেখ (১৯), রাব্বি (১৫), বিজয় পাল (১৯), সূর্য দেব (১৫), ইশান সাহা (১৭), রাজ সাহা (১৭), আবির হাসান (১৮), রুদ্র দেব (১৭), শাহরিয়ার (২৫), ইমন (২২) ও জোবায়ের হোসেন (১৯)। তাদের বাড়ি নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া ১২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









