সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও নবমনোনীত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বিদ্যালয় এডহক কমিটির সভাপতি রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক সনি রহমান।
সভার শুরুতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সূর্যালোকিত সমাজকল্যাণ সংগঠন 'সূর্য তরুণ সমাজকল্যাণ যুব সংঘ'-এর সভাপতি দেলোয়ার হোসেন দুলু, অভিভাবক বিল্লাল হোসেন এবং রুকুন উজ্জামান রুকু প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, "একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক পরিবেশ সুদৃঢ় করতে এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। তবে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক—উভয়কেই সমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি উপজেলার অনন্য বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠবে।"
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









