জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা অবিলম্বে কার্যকর এবং শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ মুক্ত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া চা বাগানের নাচ ঘরের সামনে ‘বাংলাদেশের সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকবৃন্দ-এর আয়োজনে এবং ‘বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সহযোগিতায় এই গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে টিপরাছড়া চা বাগানের শতাধিক চা শ্রমিক অংশ নেন এবং তাদের ন্যায্য দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে এক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির আহ্বায়ক বিশু প্রসাদ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, খেজুরীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মহেশ্বর দাশ, চা শ্রমিক বৃন্দা তাঁতী, ঝিনুক বোনার্জী, রিপন তন্তবায়, রঞ্জু তাঁতী, নিরঞ্জন দাশ ও জয় কুমার পাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ চা শ্রমিকদের রক্তপানি করা শ্রমের বিনিময়ে দেশের চা শিল্প টিকে থাকলেও শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সংসদে উত্থাপিত ৫০০ টাকা মজুরির প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন করে শ্রম অধিদপ্তরের কোনো প্রকার অনুচিত হস্তক্ষেপ ছাড়া দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে, যাতে শ্রমিকরা তাদের সঠিক নেতৃত্ব বেছে নিতে পারেন।
সমাবেশ শেষে টিপরাছড়া নাচ ঘরের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি চা বাগানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









