চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে ঘুমের মধ্যে স্বামীকে কুপিয়ে গুরুত্বর জখম ও অঙ্গহানি করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা ও পেশায় পিকআপ চালক মোহাম্মদ রাসেলের সাথে তাঁর স্ত্রী মনির পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার রাতে তাঁরা একসঙ্গে ঘুমাতে যান। শেষ রাতের দিকে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকলে স্ত্রী মনি কৌশলে তাঁর হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থান ও পুরুষাঙ্গে এলোপাতাড়ি কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেন।
পরে রাসেলের আর্তচিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী এই হামলা চালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনিকে আটক করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









