সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকের ২৯১ পিস বিভিন্ন ধরনের যন্ত্রাংশের চালান জব্দ করেছে।
শনিবার (১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময়, টহলদল পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাকের ২৯১ পিস বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়। আটককৃত যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজারমূল্য প্রায় ২৬ লক্ষ টাকা। বিজিবি’র পক্ষ হতে উক্ত যন্ত্রাংশগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’’
উল্লেখ্য, ৫৯ বিজিবি ব্যাটালিয়ন গত ২১ জুন উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সোনামসজিদ বিওপির উত্তর-পশ্চিম পার্শ্বে পাকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি অভিযান পরিচালনা করে ১ জন আসামিসহ ভারতীয় ট্রাকের ৩২০ পিস যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









