গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের দুলারহাট, শশিভূষণ ও দক্ষিণ আইচা থানায় পৃথকভাবে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) দুলারহাট, শশিভূষণ ও দক্ষিণ আইচা জামায়াতের নিজস্ব অফিস কার্যালয় থেকে পৃথক মিছিল শুরু হয়। তিনটি মিছিল সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
শশিভূষণে গণমিছিলে অংশগ্রহণ করেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম, অ্যাডভোকেট মো. মহিবুল্লাহ প্রমুখ।
এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসন, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জনগণের আন্দোলন। তারা জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের অগ্রগতি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং এ লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









