লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘‘সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সরকার উৎখাত করার চেষ্টা করা হলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন।’’
৫ আগস্ট (বুধবার) বিকালে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। তার জন্ম ও ইতিহাস জানতে হবে। আমরা যদি অন্যায় অবিচার করে থাকি, লুটতরাজ করে থাকি, দুর্নীতি করে থাকি জনগণ সিদ্ধান্ত নেবে। রাস্তায় আবোল-তাবোল কথা বলে কোনো লাভ নেই।’’
এনসিপি নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘‘বিভিন্ন বক্তব্য দিয়ে যারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান এরা কারা? এরা কোথায় ছিল? দেড় মাসে এরা দেশ স্বাধীন করেছে? রাজনীতির একটা শিষ্টাচার আছে, শিষ্টাচার জানতে হবে। শিষ্টাচার মেনে চলুন তা না হলে সরকার যা যা করা দরকার তাই করবে।’’
সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, সরকারি কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতৃবৃন্দ, শহীদ পরিবার ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









