কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সাথে গোসলে নেমে মো. ইয়াসিন আরাফাত (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
তিনি কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। রামু সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি।
সি সেফ লাইফ গার্ডের সদস্য মো. শুক্কুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লাইফ গার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ইয়াসিনকে সমুদ্র থেকে তুলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা ইউসুফ জানান, প্রতি শুক্রবারের মতো সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে সৈকতে যান ইয়াসিন। খেলা শেষে তারা সমুদ্রে গোসল করতে নামেন। পরে ইয়াসিনের বন্ধুদের কাছ থেকে দুর্ঘটনার খবর পান পরিবারের সদস্যরা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহত ইয়াছিনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









