পাবনার চাটমোহরে ভেজাল দুধ তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভেজাল দুধ তৈরির দায়ে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী পশ্চিমপাড়া গ্রামে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত কমলের (৩৫) বাড়ি একই গ্রামে।
আদালত সূত্রে জানা যায়, কমল দীর্ঘদিন ধরে ডিটারজেন্ট, সয়াবিন তেল ও জেলি জাতীয় উপাদানের মিশ্রণে ক্ষতিকর কৃত্রিম ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটি থেকে ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। পরে অভিযুক্ত কমলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন। আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন, যা পরিশোধ করে তিনি মুক্তি পান। পরবর্তীতে জব্দ করা ভেজাল দুধ স্থানীয় একটি পুকুরে ফেলে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ জানান, ভেজাল দুধ ও খাদ্যপণ্য তৈরি করে জনস্বাস্থ্যের ক্ষতি করার সুযোগ নেই। এমন অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









