পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল মাবুদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরোনো বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কাশিপুর গ্রামে ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
ডিএনসি সূত্র জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আব্দুল মাবুদের নিজ দখলীয় শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরোনো বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুল মাবুদ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. কোয়াজ আলীর ছেলে।
এ ঘটনায় মো. আলামিন ওরফে মুন্না (৩৩) নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে। অভিযানকালে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি পাবনায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









