নীলফামারীর সৈয়দপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় আব্দুল লতিফ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কয়া মিস্ত্রিপাড়া বসুনিয়া মোড় এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের মৃত মামুদ কাঁছের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রবার দুপুরেও আব্দুল লতিফ ঘাসের বোঝা নিয়ে বসুনিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বাহন পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে নিহতের ছেলেরা ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নিলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে সৈয়দপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি শনাক্ত এবং চালককে আটক করতে পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









