ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা (প্লে-গ্রাউন্ড) উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রবিবার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য তৈরি এ প্লে-গ্রাউন্ডের উদ্বোধন করা হয়।
ভারতীয় হাইকমিশন জানায়, একজন মায়ের করা সাধারণ একটি অনুরোধ থেকেই এই উদ্যোগের শুরু। গত ২৫ জুন ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে এক নারী ভিসা আবেদনকারী শিশুদের জন্য একটি নিরাপদ খেলার জায়গা তৈরির অনুরোধ জানান।
ভিসার আবেদন করতে আসা বাবা-মায়েরা যেন তাদের সন্তানদের নিরাপদে সেখানে রাখতে পারেন, সে জন্যই ওই নারী এমন একটি জায়গা তৈরির অনুরোধ করেছিলেন।
হাইকমিশন জানায়, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ওই অনুরোধ বাস্তবে রূপ নেয়। রোববার নিজের সন্তানকে সঙ্গে নিয়ে ওই নারী তার অনুরোধে তৈরি প্লে-গ্রাউন্ডটির উদ্বোধন করতে আবারও ভিসা আবেদন কেন্দ্রে আসেন।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ছোট পরিসরের একটি উদ্যোগ হলেও এর মধ্য দিয়ে জনকেন্দ্রিক সেবার বৃহত্তর চেতনা ফুটে উঠেছে। মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নেওয়া এমন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলতে ভূমিকা রাখে।
হাইকমিশন আরও বলেছে, দুই দেশের জনগণই ভারত-বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।
উল্লেখ্য, গত ২৫ জুন ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেছিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেসময় এক নারী ভিসা আবেদনকারী শিশুদের জন্য একটি নিরাপদ খেলার জায়গা তৈরির অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধের কয়েক সপ্তাহের মধ্যেই সেখানে শিশুদের জন্য প্লে-গ্রাউন্ড তৈরি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









