নীলফামারীর সৈয়দপুরে বৌভাতের দাওয়াতে খাবার খেয়ে অসুস্থ হয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থদের সবাই কনের বাড়ির আত্মীয়-স্বজন। বমি ও প্রচন্ড পেটব্যথা নিয়ে তাদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (৮ আগস্ট) রাতে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিষ্টানপাড়ায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি সাতজন হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লাল্টুর স্ত্রী বাবলি, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরিদের স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটু, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।
স্থানীয়রা জানান, হাতিখানা কবরস্থানের পেছনের খ্রিষ্টানপাড়ার বাসিন্দা শুভর সঙ্গে কয়েকদিন আগে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের বোকাতির ডাঙ্গা এলাকার বাদলের মেয়ে গৌরীর বিয়ে হয়। শনিবার নববধূকে নিতে তার পরিবারের সদস্য ও স্বজনরা বরের বাড়িতে আসেন। সেখানে বৌভাতের আয়োজন করা হয়।
দাওয়াতে খাবার খাওয়ার পরই কয়েকজনের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের একে একে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। রাতেই সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রবিবার (৯ আগস্ট) সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, বমি ও প্রচন্ড পেটব্যথা নিয়ে সাতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে তাদের ফুড পয়জনিং হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। শিগগিরই তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









