ঝালকাঠির নলছিটিতে বুলবুল হাওলাদার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের পশ্চিম কুশাঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বুলবুল ওই এলাকার তৈয়ব আলী হাওলাদার ও পারুল বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নূর আলম হাওলাদারের বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ধারে একটি কাফুলা গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখা যায়। নিহতের গলায় ফাঁস লাগানো ছিল এবং অপর প্রান্ত গাছের ডালের সঙ্গে বাঁধা অবস্থায় শরীরটি মাটিতে পড়া ছিল। সকালে নূর আলমের মেয়ে ইতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হন।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এটি আত্মহত্যা নাকি হত্যা নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









