ঢাকার ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) অমান্য করে এক বৃদ্ধের টিনের ঘর ভাঙচুর ও ঘরে রাখা ধান নষ্ট করার অভিযোগ উঠেছে তার চার ভাতিজার বিরুদ্ধে। ভাঙচুরে বাধা দিতে গেলে বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের কোদাল ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (১০ আগস্ট) এ ঘটনায় ধামরাই থানায় চার ভাতিজাকে অভিযুক্ত করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী হরিপদ সরকার (৬৫)।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ধামরাই উপজেলার কুল্লা গ্রামের মৃত ক্ষেত্র মোহন সরকারের ছেলে হরিপদ সরকারের সঙ্গে তার ভাতিজা আসানুর সরকার, কালাচাঁদ সরকার সুশীল, দুর্লভ সরকার ও যুগল সরকারের দীর্ঘদিন ধরে পৈতৃক ২৪০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। এর মধ্যে ৮০ শতাংশ জমিতে ওয়ারিশ সূত্রে নিজের দাবি রয়েছে বলে জানিয়েছেন হরিপদ সরকার।
বিরোধপূর্ণ জমি নিয়ে ঢাকার ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে দেওয়ানি মামলা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক পিটিশন মামলা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্প্রতি ধামরাই থানা পুলিশ ওই জমিতে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার (স্থিতাবস্থা) নোটিশ প্রদান করে।
অভিযোগে বলা হয়, ওই নির্দেশ অমান্য করে রবিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে থাকা হরিপদ সরকারের একটি টিনের ঘর ভাঙচুর করেন। এ সময় ঘরে সংরক্ষিত প্রায় ২৫ মণ ধান নষ্ট করা হয়। এতে প্রায় ৭৮ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
হরিপদ সরকার বলেন, ‘‘রাতে ভাঙচুরের শব্দ শুনে তিনি ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা ধারালো কোদাল ও লাঠিসোঁটা নিয়ে তাদের দিকে তেড়ে আসেন। প্রাণভয়ে অসুস্থ বৃদ্ধ হরিপদ সরকারসহ পরিবারের সদস্যরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।’’
তিনি আরও বলেন, ‘‘অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।’’ পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
এ বিষয়ে ধামরাই থানার ডিউটি অফিসার এসআই রাজিব দত্ত বলেন, ‘‘ভুক্তভোগীর আবেদনটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৩১) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









