বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় সন্ধ্যা নদীর তীব্র ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। নদীভাঙনের ঝুঁকিতে থাকা ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মোল্লারহাট বাজার, কয়েকটি মসজিদসহ শতাধিক পরিবারের ঘরবাড়ি রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে মোল্লারহাট বাজারসংলগ্ন সন্ধ্যা নদীর তীরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু বলেন, “স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের দিকনির্দেশনায় এ কাজ বাস্তবায়িত হচ্ছে। তিনি বাবুগঞ্জ-মুলাদীর নদীভাঙন প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পূর্ব ভূতেরদিয়া এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের ঘরবাড়ি রক্ষায় জরুরি ভিত্তিতে এ কার্যক্রম নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের পাশাপাশি ভবিষ্যতে নদীভাঙন রোধে এ এলাকায় স্থায়ী ও টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।”
পানি উন্নয়ন বোর্ডের জরুরি বরাদ্দের আওতায় মোল্লারহাট বাজারসংলগ্ন প্রায় ১০০ মিটার ভাঙনকবলিত এলাকায় ১২ হাজারের বেশি বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজাফফর হোসেন, সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন, বিএসসি শিক্ষক মো. জসিম উদ্দিন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইউনুস মোল্লা, যুবদলের সিনিয়র সহসভাপতি মো. টিপু শরীফসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









