চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাস ও বিচারকের খাস কামরায় হামলা-ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যুগ্ম জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, আদালতে ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে মামলাটি রুজু হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের একটি বিস্ফোরক মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে এ অপ্রীতিকর ঘটনার সূত্রপাত। জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার জামিন শুনানিকালে বিচারক বিদ্যুৎ না থাকায় উপস্থিত সবার ভোগান্তির কথা উল্লেখ করেন। এ নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিচারকের বিরুদ্ধে সরকারের সমালোচনার অভিযোগ তুলে এজলাসে বিক্ষোভ শুরু করেন।
পরবর্তীতে একই মামলার অন্য এক আসামির জামিন আবেদন নিয়ে আইনজীবী খাস কামরায় গেলে বিচারক তাকে পরদিন আসার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী এজলাসের জানালা এবং বিচারক মো. উজ্জ্বল মাহমুদের খাস কামরার দরজা-জানালা ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব বলেন, "কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আদালত চত্বরে জড়ো হয়ে অপ্রীতিকর পরিবেশ তৈরি করে। একপর্যায়ে বিচারকের খাস কামরার সামনে মব সৃষ্টি করে ভাঙচুর চালানো হয়, যা চরম উদ্বেগজনক ও মব সংস্কৃতিরই অংশ।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









