কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সরেজমিন বিদ্যালয়টি পরিদর্শনে যান এবং এই পরিস্থিতি দেখতে পান। এ সময় তিনি মুঠোফোনে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ এবং শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে থাকলেও স্থায়ী পানি নিষ্কাশনের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ফোনালাপে ইউএনও জানান, তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন এবং শীঘ্রই সরেজমিনে এসে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে বিদ্যালয় ফান্ডের সঠিক ব্যবহার এবং প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
সরেজমিন গেলে দেখা যায়, জলাবদ্ধতার মধ্য দিয়েই বিপজ্জনকভাবে ইটের ওপর ভর দিয়ে শিক্ষার্থীরা ক্লাসে যাতায়াত করছে। বিদ্যালয়ের মাঠ এবং যাতায়াতের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, অতি দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দুষিত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। উপজেলা প্রশাসন থেকে দ্রুত পানি বের করার লাইন চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









