জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া পৌরসভা গোরস্থানে ২৪ জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত করেন দলটির জেলা শাখার নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ও ত্যাগকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ফেরদাউস টনি। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়া জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও জুলিয়ান-ই-আজম, যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আরেফিন স্ট্যালিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান এবং জুলাই শহীদ ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিনা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এনসিপি কাজ করে যাবে।
জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রমের সূচনা হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









