লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রামগঞ্জ পৌরসভার শিশু পার্ক এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ অঙ্গসংগঠন। পরে অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় অনেকে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশু পার্ক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে একটি ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্যোগে খাবার বিতরণের আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশু পার্ক এলাকায় নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে খাবার বিতরণ করতে দেখা যায়। অনুষ্ঠানে আয়োজকদের কয়েকজনকে বক্তব্য দিতেও দেখা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, প্রবাসে থাকা রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক মিজানের সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কামরুল বিএসসি, রামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম বাবুসহ কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রকাশ্য স্থানে এমন কর্মসূচি আয়োজনের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, খাবার বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে রামগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম বাবুকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পৌরসভার প্রাণকেন্দ্র শিশু পার্কের মতো উন্মুক্ত স্থানে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কীভাবে আয়োজন করা হলো—এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলেন, “রামগঞ্জ শিশুপার্কে নিষিদ্ধ সংগঠন প্রোগ্রাম করার জন্য আমরা পৌরবাসী দায়ী।”
স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক বলেন, কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ থাকলে প্রকাশ্য স্থানে এ ধরনের কর্মসূচি আয়োজনের সুযোগ কীভাবে তৈরি হলো, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শুক্রবার বিকেলে রামগঞ্জ শিশুপার্ক এলাকায় তারা হঠাৎ এসে কিছুসংখ্যক শিশু ও নারীর মাঝে খাবার বিতরণ করে দ্রুত সেখান থেকে চলে যায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্যও পুলিশের অভিযান চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









