চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কের দুই উপজেলার সীমান্ত এলাকার পুসকিনী নামক স্থানে ডাকাত দলের হামলায় রাজপতি (৩৫) নামের এক তরকারি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কের পুসকিনী এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রাজপতি ভোলাহাট উপজেলার নামো মুশরীভোজা (বিন্দুপাড়া) গ্রামের ওকিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুসকিনী এলাকায় ভ্রাম্যমাণভাবে তরকারি বিক্রি করছিলেন রাজপতি। এ সময় হঠাৎ ডাকাত সদস্যরা তার ওপর হামলা চালায় এবং রামদা দিয়ে পিঠে মারাত্মক আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। রাজপতির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন।
এই ঘটনার পর পুসকিনী ও এর আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কে এ ধরনের সন্ত্রাসী ও ডাকাত সদস্যদের সশস্ত্র হামলার কারণে এলাকার নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। তারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত সদস্যদের হামলায় আহত রাজপতিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর ভ্যানটি উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ডাকাত সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









