কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সময়ে বিক্ষোভ মিছিল থেকে সংসদ সদস্যের বাসভবনেও ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ব্যস্ততম ৬ রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায় সংসদ সদস্যের ব্যবহৃত গাড়িটির কাঁচ গুঁড়িয়ে যায়। এতে গাড়ির সামনে আসনে থাকা আমির হামজার চাচা মারাত্মকভাবে আহত হন এবং আমির হামজা মাথায় আঘাত পান।
হামলাকে কেন্দ্র করে পরবর্তীতে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে জামায়াতে ইসলামীর ৭ জন এবং গণঅধিকার পরিষদের ৩ জন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদকে নিয়ে সংসদ সদস্য আমির হামজার একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এর প্রতিবাদে শনিবার বিকেলে ৬ রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিল জেলা গণঅধিকার পরিষদ। ওই সময় সংসদ সদস্যের গাড়িটি ৬ রাস্তার মোড় অতিক্রম করার চেষ্টা করলে সমাবেশের ভেতর থেকে অতর্কিত হামলা চালানো হয়।
ঘটনার বিবরণ দিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‘‘আমি ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় আগামী ২০ তারিখের মন্ত্রণালয়ের মিটিংয়ের প্রস্তুতি হিসেবে রাস্তাঘাট ও কালভার্টের তথ্য সংগ্রহে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে জানতে পারি কিছু লোক আমাকে ও আমার বাবা-মাকে নিয়ে গালিগালাজ করছে। আমি সঙ্গে সঙ্গে সদর থানার ওসিকে জানাই। ওসির গাড়ি আমার সামনেই ছিল। ৬ রাস্তার মোড়ে পৌঁছামাত্রই আমার গাড়ি লক্ষ্য করে লাঠি ও হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়। গণঅধিকার পরিষদের নেতা আব্দুল খালেক ও তৌকিরের নেতৃত্বেই এই হামলাটি হয়েছে। আমি আজই আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করব।’’
অন্যদিকে ঘটনার বিষয়ে জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, ‘‘সংসদ সদস্য আমির হামজা আমাদের দল নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছিলেন— ‘এই দল দুইজনের, তাছাড়া এদের কোনো লোকজন নেই।’ তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদেই আমরা ৬ রাস্তার মোড়ে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম।’’
বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংসদ সদস্যের বাসভবনসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









