‘খেলবে রাজশাহী, জিতবে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আগামী ২২ আগস্ট থেকে রাজশাহীতে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজশাহীর শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ, যুবসমাজকে মাদক ও মোবাইল-ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য পুনরুজ্জীবিত করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।
আগামী ২২ আগস্ট শনিবার বিকেল ৩টায় শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি করপোরেশন দল ও বাগমারা উপজেলা দল মুখোমুখি হবে।
টুর্নামেন্টে রাজশাহী সিটি করপোরেশন দলসহ জেলার মোট ৯টি উপজেলা দল অংশ নেবে। প্রতি দল থেকে ২৭ জন করে খেলোয়াড় অংশ নেবেন। বহিরাগত খেলোয়াড়সহ টুর্নামেন্টে মোট ২৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম জানান, টুর্নামেন্ট উপলক্ষে বিশেষ লোগো ও ‘আম রাজ’ নামের একটি মাসকট উন্মোচন করা হয়েছে। ইতোমধ্যে স্টেডিয়ামের গ্যালারি রংকরণ ও সংস্কার, খেলোয়াড়দের ড্রেসিংরুম প্রস্তুত, আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ শেষ হয়েছে।
তিনি আরও জানান, দর্শকদের নিরাপদ প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগকে অবহিত করা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর জন্য আবাসন, যাতায়াত, খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। ম্যাচ পরিচালনার জন্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় রেফারি ও ম্যাচ অফিসিয়ালও নিয়োগ দেওয়া হয়েছে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে নগদ ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। পাশাপাশি উভয় দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হবে। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ, সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সেরা গোলরক্ষকের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ‘মাঠে ফিরুক তারুণ্য, বিকশিত হোক প্রতিভা, খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ রাজশাহী।’ টুর্নামেন্টটি উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজন করতে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মোজাম্মেল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









