রাজশাহীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়ার একটি বাড়ি থেকে ইউনুস আলী (৫৮) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশটি ঝুলছিল। ইউনুস আলী বাড়িতে একাই থাকতেন। পেশায় তিনি রংমিস্ত্রি ছিলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। রবিবার ইউনুস আলী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এই পাঁচ দিনে তার লাশে পচন ধরেছিল। ছড়িয়ে পড়েছিল দুর্গন্ধ।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোহাম্মদ কবির জানান, সবশেষ রবিবার ইউনুস আলীকে প্রতিবেশী এক ব্যক্তি দেখেছেন। এরপর আর কেউ তাকে দেখেননি। বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ওই বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ পাওয়া যায়।
মতিহার থানার ওসি আরও জানান, ইউনুস আলীর স্ত্রী নেই। তার ছেলেরা বাইরে থাকেন। বাড়িতে একাই থাকতেন ইউনুস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এখন থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









