চুয়াডাঙ্গার অভ্যন্তরের সব রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে, আজ নয় রবিবার (৩০ আগস্ট) সকাল থেকে জেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল শুরু হবে।
শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর সন্তোষজনক সমাধানের আশ্বাস পাওয়ায় এ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন মুক্তা জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইজিবাইক চালকরা পরিবহন শ্রমিকদের মারধর করে। তার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর-ঝিনাইদহ-জীবননগর-হাসাদহ-হাটবোয়ালিয়া-কুষ্টিয়া রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে বেলা ১২টায় জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এ কে এম মঈনুদ্দীন মুক্তা বলেন, ‘‘বৈঠকে ইজিবাইক চলাচলের জন্য সুনির্দিষ্ট সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। তা আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী জেলার চার উপজেলার জন্য আলাদা আলাদা চার রঙের ইজিবাইক থাকবে। এক উপজেলার ইজিবাইক অন্য উপজেলায় যেতে পারবে না। ইজিবাইক চালকরা এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন।’’
তিনি আরও বলেন, ‘‘চুয়াডাঙ্গার পৌরসভায় চলাচলকারী ইজিবাইকের রঙ হবে কমলা, সদর উপজেলা (পৌর এলাকা ব্যতিত) নীল, আলমডাঙ্গা উপজেলা সবুজ, দামুড়হুদা উপজলা খয়েরি ও জীবননগর উপজেলা হলুদ রঙ।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









